সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২০ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

একদিনের ব্যবধানে হু হু করে বাড়লো সোনার দাম

নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে।

এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায় পৌঁছেছে। নতুন এই মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এর আগের দিন মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছিল। তবে মাত্র একদিনের ব্যবধানে আবারও এর দ্বিগুণের মতো দাম বাড়ানো হলো। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দর ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ৬০১ টাকা নির্ধারিত রয়েছে।