রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৪ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিএনপি ক্ষমতায় এলে সংবাদমাধ্যম সংস্কার অগ্রাধিকার পাবে: মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করার।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় তিনি বলেন, “গত ১৫ বছরে কিছু মিডিয়া ফ্যাসিস্ট সমর্থন করেছে, তাই এখন সাংবাদিকদের স্বাধীন ও দায়বদ্ধভাবে কাজ করা জরুরি।”

সভায় ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই, তাহলে স্বাধীন সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

ফখরুল আরও উল্লেখ করেন, সাংবাদিকরা যেন কোনো রাজনৈতিক দলের প্রভাব থেকে মুক্ত থাকেন। তিনি বলেন, “সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই, তাহলে এভাবে সংবাদমাধ্যমে সত্যিকারের সংস্কার সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশ নেন। সভায় গণমাধ্যম সংস্কারের প্রয়োজন, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং কর্মীবান্ধব সংবাদমাধ্যম প্রতিষ্ঠার করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।