মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িত না হওয়ার কড়া সতর্কতা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। রিপোর্ট হতে হবে স্বচ্ছ।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন।
ইসি জানিয়েছে, এ নির্বাচনে ৮১টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে। দিনব্যাপী সংলাপে প্রথম পর্বে ৪১টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়।
সংলাপে সিইসি বলেন, “ইসি’র এজেন্ডা একটাই—জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। অতীতের ভুল নিয়ে ঘাঁটাঘাঁটি নয়, আমরা সামনে এগোতে চাই। এজন্য সবার সহযোগিতা জরুরি।”
তিনি পর্যবেক্ষকদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের কাজ অনিয়ম পর্যবেক্ষণ করা, রাজনীতির মাঠে নামা নয়। পক্ষপাতমূলক আচরণ চলবে না। আপনারা নিজেরা পর্যবেক্ষণ না করে যাদের নিয়োগ দেবেন, তাদের প্রশিক্ষণ দিতে হবে।”
ইসি সদস্য আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ভোটার উপস্থিতিও হবে অনেক বেশি।”
তিনি জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ইসি সামনে এগোচ্ছে এবং পর্যবেক্ষকদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সিইসির মতে, ভোটে সিসি ক্যামেরাই হলো আসল পর্যবেক্ষক, আর সাংবাদিকরা দ্বিতীয় পর্যবেক্ষক হিসেবে দৃশ্যমান ভূমিকা রাখবেন। সবার সমন্বিত তৎপরতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।