সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৮ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভাইরাল লাগেজ কাণ্ড—মূল ঘটনা সৌদিতে, জানাল বেবিচক

নিউজ ডেস্ক: বিদেশফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ কাটাছেঁড়া ও মালামাল চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কাটা লাগেজ হাতে নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হন। তবে বেবিচক জানায়, লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া বা মালামাল হারানোর মূল ঘটনাস্থল আসলে সৌদি আরব।

বেবিচকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইরাল ভিডিওটি নতুন নয়—ঘটনাটি ঘটেছিল গত ১৪ নভেম্বর। সেদিন সৌদি আরব থেকে আউট পাস নিয়ে ৭৮ জন বাংলাদেশি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET-618 ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ সংগ্রহ করতে গিয়ে তারা দেখেন—অধিকাংশ লাগেজ কাটা এবং ভেতরের বহু মালামাল অনুপস্থিত। এতে ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দরের দায়িত্বশীলদের প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখান।

বেবিচক জানায়, এরকম লাগেজ কাটাছেঁড়া ও মালামাল হারানোর ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার ঘটছে। বিষয়টি ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

এয়ারলাইন্সের ব্যাখ্যা অনুযায়ী, আউট পাস যাত্রীদের জন্য মাথাপিছু গড়ে ১৫ কেজি ধরে সব মালামাল একসঙ্গে বুক করা হয়। ফলে কোন ব্যাগে কার মালামাল রয়েছে তা সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায় না। পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক মালামাল জব্দ করে, যার তালিকা এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না। এজন্য দেশে পৌঁছানোর পর যাত্রীদের লাগেজ সংক্রান্ত জটিলতা তৈরি হয়।

বেবিচক আরও জানায়, শাহজালাল বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং এলাকা সম্পূর্ণ সিসিটিভির আওতায় থাকায় দেশে লাগেজ চুরির অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আউট পাস যাত্রীদের ক্ষেত্রে অভিযোগ বেশি আসছে, যাদের ব্যাগ সৌদিতেই ক্ষতিগ্রস্ত বা চুরি হওয়ার সম্ভাবনা বেশি।