মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩০ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘এবার চাই ছয় লেন’—লোহাগাড়া–সাতকানিয়া–চকরিয়ায় একযোগে অবরোধ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া, সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়ায় একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার সকাল থেকে ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’-এর ব্যানারে কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সকাল সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে দেখা যায়, অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ছয় লেন বাস্তবায়নের দাবিতে স্লোগান দেয়। এতে উভয় পাশে প্রায় এক কিলোমিটার যানজট তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকেই লোহাগাড়া ও পার্শ্ববর্তী সাতকানিয়ার কেরানিহাট এলাকায় অবরোধ চলছে।

অন্যদিকে চকরিয়ার মাতামুহুরী সেতু এলাকায় সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। ব্যানার–ফেস্টুন নিয়ে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন। পুলিশ সরে যেতে বললেও দাবি পূরণের ঘোষণা ছাড়া রাস্তা ছাড়বেন না বলে জানান তাঁরা। আন্দোলনকারী ইব্রাহিম ফারুক ছিদ্দিকী বলেন, বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিমানবন্দরমুখী গাড়ি ও জরুরি সেবা–সংক্রান্ত যানবাহন অবরোধের বাইরে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সায়েদ হাসান বলেন, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কোটি মানুষের প্রধান যাতায়াত পথ এই মহাসড়ক। মাত্র দুই লেন হওয়ায় ঘনঘন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। তাই দ্রুত ছয় লেন বাস্তবায়ন জরুরি।

‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’-এর সংগঠক তামিম মির্জা বলেন, স্মারকলিপি ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির পরও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা না আসায় অবরোধে যেতে হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, অবরোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।