সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০১ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন—জামায়াত আমির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: খুলনায় ৮ দলের সমাবেশে বক্তব্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, “ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও অরাজকতা এখনও বন্ধ হয়নি।”

সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ী মোড়ের বাবরী চত্বরে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ৫ আগস্টের ঘটনার পরদিন থেকেই একটি গোষ্ঠী জনগণের ওপর প্রভাব বিস্তার শুরু করেছে। “আগে মানুষ ভালো ছিল না, এখন আরও খারাপ অবস্থায় আছে।” তবে কোনো ইসলামী দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠেনি বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আট দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান তারা। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বাধীনতা ও প্রকৃত স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

৩৫ বছরের নিচের ভোটারদের উদ্দেশ করে তিনি বলেন, “তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি করতে চাইলে আমরা তা হতে দেবো না। এবার দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে দিতে চাই—চাকরি করবে না, চাকরি দেবে।”

মাদ্রাসা ও সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, মাদ্রাসায় খুন-অস্ত্রবাজি নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়–কলেজে হত্যা, মাদক, নারী নির্যাতন বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে আরও বলেন, কিছু দল দেশকে দফায় দফায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

বিভিন্ন স্থানে তাদের পোস্টার–ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণ পোস্টার দেখে নয়, মন দিয়ে সিদ্ধান্ত নেবে।

পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, ইসলামী দলগুলোর ঐক্য এবার সংসদ পর্যন্ত পৌঁছাবে। প্রয়োজনে “আরও একবার ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হবে” বলেও হুঁশিয়ারি দেন তিনি।