রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চৌকস অভিযানে চোরচক্র ধরা—উদ্ধার স্বর্ণ ও মোবাইল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) হালিশহর থানার অভিযানে সক্রিয় চোরাচক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া প্রায় ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর রাত ৩টার দিকে হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লকের একটি বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ১১ হাজার টাকা এবং একটি রিয়েলমি C-১১ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

এ ঘটনায় ভুক্তভোগী ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। মামলাটি এফআইআর নং-৬, তারিখ ১১ নভেম্বর ২০২৫; জিআর নং-১৪৪, ধারা ৪৫৭/৩৮০ এর অধীনে রুজু করা হয়।

মামলার তদন্তে হালিশহর থানার ওসি মো. নুরুল আবছার ও পরিদর্শক (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে এসআই সামসুজ্জামান, এসআই মোশাররফ হোসাইন, এসআই ইমরান হোসেন, এসআই এহেছান মাহবুবসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরসহ নোয়াখালী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চোরচক্রের মূল হোতা আব্দুল আলিম প্রকাশ শাকিল (২৯), ইয়াসিন আরাফাত শাকিল (২৫)সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে চোরাই স্বর্ণালংকারের একটি অংশ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।