শুক্রবার
০৫ ডিসেম্বর ২০২৫
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীর দেয়ালে চিকা মেরে ‘জয় বাংলা’ ও ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’ লিখনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মো রিয়াদ, আনোয়ারা প্রতিনিধি:: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, মাস্ক, টুপি ও হুডি পরা দুই কিশোর গত বুধবার গভীর রাতে দেয়ালে রঙ স্প্রে করে ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’, ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান লিখছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে একই ধরণের দেয়াললেখা দেখা যাচ্ছে।
আনোয়ারা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ খান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন যদি রাতের আঁধারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিতে চায়, উপজেলা যুবদল শক্ত হাতে প্রতিহত করবে।”
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”