রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৬ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“সামনের নির্বাচন আমাদের বড় পরীক্ষা” — পররাষ্ট্র উপদেষ্টার সতর্ক বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পরবর্তী জাতীয় নির্বাচনকে দেশের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সব কিছুর ভিত্তি আইনশৃঙ্খলা—এটি দুর্বল হলে কোনো অর্জন সম্ভব নয়।

শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বিগত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন সময় পার করেছে। তবে আশার বিষয়, পুলিশ পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে।

নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “যেসব প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারাই বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে। তাই সতর্ক থাকতে হবে।” তিনি জানান, সম্ভাব্য গণ্ডগোল মাথায় রেখে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সচেতন রয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, নতুন সরকার দায়িত্ব নেবে এবং উপদেষ্টারা দায়িত্ব বুঝিয়ে দিতে পারবেন।

এ সময় উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থানে অংশগ্রহণ কমে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, কোনো বিদেশি নিয়োগদাতা কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিতে চাইলে দেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।