শুক্রবার
১২ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেই।
বৈঠক রাত সাড়ে ৯টার দিকে শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসনে থাকা এবং এক দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তাদের প্রিয় নেতা তারেক রহমান ঢাকা ফিরছেন।
মির্জা ফখরুল বলেন, “তার এই আগমনকে আমরা শুধু স্বাগত জানাচ্ছি না, আনন্দের সঙ্গে উদযাপন করছি। আমাদের দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”
তিনি আরও জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনার পর তারেক রহমানের আগমনের দিন নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এই ঘোষণা প্রকাশ করা হয়েছে।