শনিবার
১৩ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
শনিবার (ভোর) সাড়ে ৫টার দিকে কেরাণীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার জামান জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভবনের ভেতর থেকে ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনটি ভবনের বেজমেন্টে লেগেছে, যেখানে গোডাউন রয়েছে। এর ওপর রয়েছে একটি মার্কেট এবং তার ওপরে আবাসিক অংশ। পুরো ভবনটি অত্যন্ত জটিল কাঠামোর হওয়ায় আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছে। বেজমেন্টে প্রবেশের জন্য একদিক থেকে সীমিতভাবে প্রবেশ করা সম্ভব হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান ছিল।