রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


মীরসরাইয়ে বারইয়ারহাটে ছাত্রদল কর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত আরেক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: এসময় বারইয়ারহাট পৌরসভার রবিউল হক সওদাগরের বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতার ছাত্রদলকর্মীর নাম মো. জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ (২০)।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ তথ্য জানান।
এর আগে গত ১০ ডিসেম্বর বারইয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ছাত্রদলকর্মী চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, তাহমিদ হত্যার অন্যতম আসামি জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে হত্যার ঘটনায় জাহিদ জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে সে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামি জাহিদুলকে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে সে অন্যান্য আসামিদের নাম বলেছে। আমরা তাদের ধরতে অভিযান পরিচালনা করছি।