সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৬ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে—ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার শত্রুরা—যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল—আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই বিজয় দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজ আমরা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। একই সঙ্গে আমরা শপথ নিয়েছি—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম অব্যাহত রাখবো।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের নিরন্তর সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।