বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিগাতলার পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নিহতের সহকর্মী ও দলীয় সূত্রে অভিযোগ করা হয়েছে—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে দীর্ঘদিন ধরে তাকে সাইবার বুলিং করা হচ্ছিল।
তার বিরুদ্ধে অনলাইনে হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।