বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীতে পুলিশ ছাড়া কোনো ধরনের বাহিনী বা সন্ত্রাসী গ্রুপকে থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে সিএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসিব আজিজ বলেন, “আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লাল্টু বাহিনী, পল্টু বাহিনী—এই সব বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল। প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না।”
তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে সাঁড়াশি অভিযান চলছে এবং এটি আরও জোরদার করা হবে। বিভিন্ন জায়গা থেকে সহিংসতার ঝুঁকি তৈরি করার অপচেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সিএমপি কমিশনার বলেন, “বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করতে হবে।”
রাষ্ট্র পরিচালনার বিষয়ে তিনি বলেন, একটি রাষ্ট্র নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদের ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকে। পাশাপাশি গণমাধ্যমও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এসব প্রতিষ্ঠান যদি একমুখী হয়ে যায়, তবে রাষ্ট্রব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ে—যার উদাহরণ গত ১৭ বছরে দেখা গেছে।
লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়ে হাসিব আজিজ জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে নির্বাচনের আগেই সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, পুলিশের প্রতি জনগণের ভয় দূর করা জরুরি। জনগণ তথ্য দিলে পুলিশ অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ। সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।