শনিবার
২০ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন হাদি সকল বাংলাদেশির বুকের ভেতর থাকবেন। তিনি হারিয়ে যাবেন না।”
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির রেখে যাওয়া মন্ত্র ছিল— ‘বীর উন্নত মম শির’। এই মন্ত্র আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়েছে। এটি আমাদের অন্তরে চিরদিন জাগ্রত থাকবে। বাংলাদেশের প্রতিটি সন্তান জন্মলগ্ন থেকে এই মন্ত্র নিজের ভেতর ধারণ করবে।
তিনি আরও বলেন, “প্রিয় হাদি, আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যে মানবপ্রেম, রাজনৈতিক শালীনতা ও মানুষের সঙ্গে বিনীত আচরণের শিক্ষা দিয়ে গেছ, তা আমরা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন করব।”
ড. ইউনূস বলেন, হাদি নির্বাচন ও রাজনীতির যে শালীন প্রক্রিয়া আমাদের শিখিয়ে গেছেন— মানুষের কাছে কীভাবে যেতে হয়, কীভাবে কষ্ট না দিয়ে কথা বলতে হয়— সেটাই হবে আমাদের পথচলার দিকনির্দেশনা।
জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দুপুরের আগেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এর আগে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বেলা সোয়া ১টার দিকে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবন এলাকায় প্রবেশ করে।
জানাজা শেষে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দেন— “আমরা সবাই হাদি হব”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।