সোমবার
২২ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।
আমীর খসরু বলেন, উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ক্যাপিটাল মার্কেট সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্রে মার্কেট ক্যাপিটাল জিডিপির দ্বিগুণ, ভারতে ৬০–৭০ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ৪–৫ শতাংশ। এত ছোট ক্যাপিটাল মার্কেট নিয়ে বড় অর্থনীতি গড়া সম্ভব নয়।
তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না হলে ট্রিলিয়ন ডলার ইকোনমির যে স্বপ্ন দেখা হচ্ছে, তা বাস্তবায়ন হবে না। বর্তমানে বাংলাদেশ ফ্রন্টিয়ার মার্কেটে অবস্থান করছে। ইমার্জিং মার্কেটে যেতে পারলে বৈশ্বিক বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করেনি। রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত হওয়ায় ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক নিয়োগ ছিল না, তাই তখন বড় ধরনের স্ক্যান্ডেল বা বাজার ধস হয়নি।
তিনি আরও বলেন, ক্যাপিটাল মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও পেশাদার লোক নিয়োগ দিতে হবে। যোগ্য লোক পেতে হলে উপযুক্ত বেতন ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।