বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান হাসপাতালে আসার আগেই সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে তিনি সরাসরি অসুস্থ মায়ের কাছে ছুটে যান। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে অবস্থানকালে তারেক রহমান আইসিইউ কেবিনে মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় আইসিইউ কেবিনের বাইরে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশের এই বাড়িতেই অবস্থান করবেন তিনি।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বলয় অতিক্রম করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করলে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। যদিও দলীয়ভাবে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।