রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বড়দিনের প্রার্থনায় ‘তার ধ্বংস চাই’— জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে পুতিনকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বড়দিনের শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়া আমাদের জন্য দুর্ভোগ বয়ে আনলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি দখল করতে পারেনি। তারা আমাদের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ইউক্রেনীয়দের ঐক্য ভাঙতে পারেনি।”

পুতিনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আজ আমরা সবাই একই স্বপ্ন দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা— তার ধ্বংস (মৃত্যু) হোক।”

এদিকে বড়দিনের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, “বড়দিনের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও প্রমাণ করেছে তারা আসলে কারা। শতশত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও কিনঝাল মিসাইল ব্যবহার করে তারা হামলা চালিয়েছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় তিন বছর ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে রাশিয়া।