রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে দলের প্রার্থিতা–সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির শরিক দল বাংলাদেশ জাসদ পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তার ভাষ্য অনুযায়ী, শনিবার পার্থ ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করায় তাকে ঘিরে নানা আলোচনা চলছিল।
উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি যখন ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন কেবল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াই একাধিক আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়েছিল। প্রায় এক যুগ নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন দল থেকে জানানো হয়েছিল, তিনি শুধু বগুড়া-৬ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
একই সময়ে বিএনপি জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩—থেকে নির্বাচনে অংশ নেবেন।
এর মধ্যে ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন—এমন প্রচারে বনানী, গুলশান ও বারিধারা এলাকায় পোস্টারও টানানো হয়। তবে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ায় পার্থ ওই আসনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, আন্দালিব রহমান পার্থ নিজ এলাকা ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নিজ দলের প্রতীকেই ভোটের মাঠে থাকবেন।