সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকেই নয়াপল্টনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও সাজসাজ রব।
বিকাল তিনটার দিকে তারেক রহমানের কার্যালয়ে পৌঁছানোর কথা থাকলেও বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত বিকেল চারটার দিকে তিনি নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, ‘আজ কোনো দলীয় কর্মসূচি নেই। আনুষ্ঠানিক কর্মসূচির দিন কথা বলব। শুধু এতটুকু বলি— যার যতটুকু সামর্থ্য আছে, আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘ছোট ছোট কাজ দিয়েই পরিবর্তন শুরু করা যায়। রাস্তায় যদি এক টুকরো কাগজ বা ময়লা পড়ে থাকে, সেটিও আমরা সরিয়ে দেবো। এভাবেই দেশ গড়ার কাজে সবাই এগিয়ে আসি।’
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে বলেন, সবাই ভালো থাকবেন। পাশাপাশি নিজের ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
এর আগে বেলা তিনটার দিকে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় কার্যালয় প্রাঙ্গণে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন।
এই সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।