সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে মনোনয়ন দৌড়ে ১৪৩ প্রার্থী

সিনিয়র রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন ফরম সংগ্রহ করলেও জমা দেন ৯ জন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জনের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন।

চট্টগ্রাম-৪ আসনে ১১ জন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৬ জনের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৯ জন ফরম সংগ্রহ করলেও জমা দেন ৫ জন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ জনের মধ্যে ৯ জন এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ১১ জনের বিপরীতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

নগরকেন্দ্রিক আসনগুলোতেও প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ২৩ জন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দেন ১২ জন। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনে ১৭ জনের মধ্যে ১১ জন, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ২৩ জনের বিপরীতে ১৩ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৮ জন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।
এছাড়া, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ১৫ জনের বিপরীতে ৯ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ২১ জনের বিপরীতে ৯ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৮ জনের বিপরীতে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ জনের মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।