সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

৩০ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাজনীতির এক অভিজ্ঞ নেতা হারিয়েছে দেশ — প্রধান উপদেষ্টা মন্তব্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

প্রধান উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম ও জনগণের প্রতি তার আবেগ বিবেচনায় সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে জাতি বারবার মুক্তি পেয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশের কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও দৃঢ় মনোবল সবসময় পথ দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তার উল্লেখযোগ্য অবদান।”

প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সাফল্যকেও স্মরণ করেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের নির্বাচনে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেও জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির মজবুত ভিত্তি স্থাপন করেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াইয়ে জাতিকে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক সাফল্যের কারণে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং মিথ্যা ও বানোয়াট মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করেছেন।”

প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।