মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


জয়নাল আবেদিন, চন্দনাইশ প্রতিনিধি:: চট্টগ্রামের চন্দনাইশে গতকাল সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকটি বাগানের প্রায় ২শতাধিক লেবু ও কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডে হাফছড়ি চর এলাকায় কৃষক গিয়াসউদ্দিন ও কৃষক আলাউদ্দীনের বাগানে এ ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী কৃষক গিয়াসউদ্দিন ও কৃষক আলাউদ্দীন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তারা।
স্থানীয়দের প্রশ্ন, লেবু গাছ ও কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? লেবু ও কলা গাছের কি দোষ ছিল?
জানা যায়, স্থানীয় কৃষক আলাউদ্দীন ও গিয়াসউদ্দিন তাদের নিজস্ব জায়গায় লেবু ও কলা বাগান করেছে। লেবু ও কলা বিক্রি করে গিয়াসউদ্দিন ও আলাউদ্দীনের সংসার চলে। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী পূর্ব শত্রুতার জের ধরে গিয়াসউদ্দিন ও আলাউদ্দীনের লেবু ও কলা বাগানের প্রায় ২শতাধিক লেবু ও কলা গাছ কেটে সাবার করে ফেলেছে। এতে দরিদ্র কৃষক গিয়াসউদ্দিন ও আলাউদ্দীনের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে কৃষক আলাউদ্দীন বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযুক্ত ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।