বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মোট ৫০ প্লাটুন আনসার, অর্থাৎ প্রায় ১ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপারেশন পরিদপ্তরের তত্ত্বাবধানে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ৫০ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়।
নিরাপত্তা ব্যবস্থার আওতায় দায়িত্ব পালন করছেন— ৩শ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১ হাজার জন অঙ্গীভূত আনসার, এবং ২শ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য।
তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, যানবাহন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে জানাজা সম্পন্ন করার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।