রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০২ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দলীয় ক্ষমা পেলেন বোয়ালখালীর সাবেক মেয়র আবু

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কালাম আবুর ওপর আরোপিত দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ফলে তিনি আবারও দলের রাজনীতিতে তার পদ ও অবস্থান ফিরে পেলেন। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, অতীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে হাজী আবুল কালাম আবুর সদস্য পদ ও দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সম্প্রতি তিনি ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য দলের হাইকমান্ডের কাছে আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক বিষয় বিবেচনায় দল তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়,
“আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে হাজী আবুল কালাম আবুর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো এবং তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হলো।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। দল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে তিনি দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ কঠোরভাবে অনুসরণ করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে একজন পরিচিত ও প্রবীণ নেতা হিসেবে পরিচিত।