শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শুক্রবার

০২ জানুয়ারি ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আনোয়ারায় ট্রাক তল্লাশিতে বেহুন্দি জাল সহ ইলিশ জব্দ

অবৈধ জাল নির্মূল ও অপসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন–২০২৬-এর প্রথম দিনে আনোয়ারা উপজেলায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়া একই দিনে সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ নৌ-পুলিশের যৌথ অভিযানে অবৈধ চারটি উপকূলীয় বেহুন্দি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ সময় মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাঙ্গু স্টেশনের কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সাঙ্গু স্টেশন, গহিরার পল্টনে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানায়, অবৈধ জাল ব্যবহার ও জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।