রবিবার
০৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, “ভেনেজুয়েলায় ক্রমবর্ধমান উত্তেজনা মহাসচিবকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এর ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”
জাতিসংঘের মহাসচিব মনে করেন, এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি যথাযথ সম্মান না দেখানোয় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে চলমান সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন গুতেরেস।
পৃথক এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, “ভেনিজুয়েলার জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং পরবর্তী সব পদক্ষেপ সেই লক্ষ্যকে সামনে রেখেই নেওয়া প্রয়োজন।”
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরবর্তীতে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা ফেডারেল হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।