সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৪ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মনোনয়ন যাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকায় উদ্বেগ—জামায়াতে ইসলামী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল করার পরও আইনের দৃষ্টিতে গুরুত্বহীন বিষয় দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিলের পর বর্তমানে যাছাই-বাছাই কার্যক্রম চলছে। তবে এই প্রক্রিয়ায় কিছু জেলার রিটার্নিং কর্মকর্তাদের আচরণে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, যেসব বিষয় রিটার্নিং কর্মকর্তাদের ব্যক্তিগত এখতিয়ারভুক্ত বা বিবেচনাধীন ছিল, সেখানেও অযথা কঠোর নীতি অনুসরণ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলক বাড়াবাড়ির কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য ও নথিপত্র যথাযথ থাকার পরও এমন সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি বিশেষ মহলের ইন্ধনে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।

তিনি তুচ্ছ অজুহাতে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গুরুত্বহীন বিষয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।