সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৫ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দেশ একজন অভিভাবককে হারিয়েছে—খালেদা জিয়াকে স্মরণে মোশাররফ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে দেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছে। আজ বাংলাদেশের জনগণ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে।

তিনি বলেন, একসময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে জানিয়েছিলেন, বাংলাদেশই তার দেশ এবং তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তার অবদান অনস্বীকার্য। জনগণের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশের জনগণ স্নেহ ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে।

খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই বলেছিলেন বিএনপি টিকে থাকতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া দক্ষ ও সাহসী নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখেন। তার নেতৃত্বেই বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জনগণের সেবায় কাজ করার সুযোগ পায়।