সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৭ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শীতের দিনে মুক্তিযোদ্ধাদের পাশে প্রশাসন—বোয়ালখালীতে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক

এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। ১৯৭১ সালে জীবন বাজি রেখে তাঁরা লাল-সবুজের পতাকা উড্ডয়ন করে দেশ স্বাধীন করেছেন। সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার প্রায় ১৫০টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মহসীন খান তরুণ, মো. ফারুক, বেলাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ছাড়া ইউএনও মেহেদী হাসান ফারুক ইতোমধ্যে উপজেলার শাকপুরা, দাশের দীঘি, কালাইয়ার হাট, জোটপুকুর, বাদরতলা, কানুনগোপাড়া, গোমদণ্ডী ফুলতল ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষ, জেলে পরিবার এবং বিভিন্ন এতিমখানার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

একই দিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে উপজেলা সদরের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।