বুধবার
০৭ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্টভাবে বলেছেন, ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা। বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও দেশের মর্যাদা—এই তিনটি বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশে। যেহেতু আরেকটি আয়োজক দেশ শ্রীলংকা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা এই পজিশনে অনড়। কেন আমরা এই সিদ্ধান্তে অটল আছি, সে বিষয়টি আইসিসিকে যুক্তি ও তথ্যের মাধ্যমে বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে এবং আমাদের কষ্টার্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে।”
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ও বিসিবি যৌথভাবে ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির সঙ্গে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে।
এই অবস্থানের মাধ্যমে সরকার ও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ছাড় নয়, তবে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত থাকবে।