সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৯ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে গভীর রাতে সড়ক দুর্ঘটনা—দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ৩

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস ধাক্কা দিলে নেভী সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের তথ্যমতে, দুর্ঘটনার পর বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়ন, চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়কের বাসিন্দা ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকার মিন্টু মিয়া (৪৫)।

নাফিজ আহমেদ অয়ন ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালানো হয়। তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং আহতদের পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।