সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৯ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাতেই শেষ হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যায়, চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়ে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে শুক্রবার (৯ জানুয়ারি) রাতেই ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না এবং আনুষ্ঠানিকভাবে কোনো এজেন্ডাও জানানো হয়নি। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

জানা গেছে, বৈঠকটি মূলত গত সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়।

খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

দলের গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা হয়েছে, কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।

সেই বিধান অনুযায়ী, তারেক রহমান ইতোমধ্যেই কার্যত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে শুক্রবারের বৈঠকের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে।