শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
ইসির বরাতে প্রেস নোটে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন—এমন খবর গণমাধ্যমে প্রচারিত হলেও তা সঠিক নয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধ ও প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর পর শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, নির্বাচন স্থগিত হয়নি। কেবল আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দুটি আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।