শনিবার
১০ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার নয়; জনগণের সেবা ও মানুষের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাদির ফকিরহাট নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “রাজনীতি মানেই জনগণের সেবা। কেউ যদি নিজের স্বার্থে রাজনীতি করতে চায়, তাহলে সে রাজনীতি করার যোগ্য নয়—তার উচিত রাজনীতি থেকে সরে দাঁড়ানো।”
দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা রাজনীতি করব সততা ও ন্যায়ের পক্ষে। কিন্তু বাস্তবতা হলো—প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে অসংখ্য নেতা থাকা সত্ত্বেও গ্রামে গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। প্রশ্ন হলো—তাহলে তারা কিসের নেতা?”
নেতৃত্বের দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন,
“যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, যে নেতা নিজের ইউনিয়নে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়—তার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।”
তথাকথিত নেতাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ান, এলাকা মাদকমুক্ত করুন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। তা না পারলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে নেতা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, যে নেতা মাদক বন্ধ করতে পারে না—সেই নেতাকে বয়কট করুন।”
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিল ও সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।