শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সুদহার কমানো সহজ নয়—অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে ব্যাংকিং খাত অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখনই ঋণের সুদহার কমানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো কঠিন। এ ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নীতি নির্ধারণ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখেই নীতি গ্রহণ করতে হয়। সব সিদ্ধান্তে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং নীতিগত সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে।

নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ভবিষ্যতে ব্যর্থ কোনো প্রতিষ্ঠানে যুক্ত হব কি না তা জানি না। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হব—এমনটা মনে করি না। কিছু কাজের ফল ভবিষ্যতে দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য সবাইকে কাজ করে যেতে হবে। মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতেও সম্মিলিতভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে।