রবিবার
১১ জানুয়ারি ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের টানা জালে একসঙ্গে ধরা পড়েছে প্রায় ১০৬ মণ ছুরি ও ফাইস্যা মাছ। মেরিন ড্রাইভের কিনারে মাছগুলো তোলা হলে তা দেখতে ভিড় করেন পর্যটক ও স্থানীয়রা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা হাফেজ আহমদ–এর মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা মৎস্য অফিসের কর্মী শহিদুল ইসলাম।
জাল ও বোটের মালিক মৌলভি হাফেজ আহমদ জানান, অনুকূল আবহাওয়ার কারণে সাগরে হঠাৎ করে মাছের পরিমাণ বেড়েছে। এক জালেই ১০৬ মণের বেশি ছুরি ও ফাইস্যা মাছ ধরা পড়ে, যা প্রায় ৯ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বছরের শুরুতে প্রতিদিনই ভালো মাছ পাওয়ায় উপকূলের জেলেরা আনন্দিত।
নৌকার মাঝি মোহাম্মদ ইসলাম বলেন, “একবারে এত মাছ পাব—কল্পনাও করিনি। অনেক দিন সাগরে মাছ পাচ্ছিলাম না। সংসার চালাতে কষ্ট হচ্ছিল, আজ সবাই খুশি।”
জেলে দলের সদস্য মো. ইউছুপ বলেন, “আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। এভাবে কয়েকদিন মাছ পেলে অভাব থাকবে না। ঋণ শোধেরও সুযোগ হবে।”
মৎস্য সংশ্লিষ্টরা জানান, মাছের প্রজনন ও ডিম ছাড়ার মৌসুমে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকে। সরকারি এই নিষেধাজ্ঞা যথাযথভাবে পালনের ফলে বর্তমানে সাগরে মাছের উৎপাদন বেড়েছে, যার সুফল পাচ্ছেন জেলেরা।