রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৩ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চাকরিপ্রার্থী নয়, চাকরি–সৃষ্টিকারী তৈরি করতে হবে শিক্ষায়: ড. ইউনূস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি নয়; বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষের জন্মগত সৃজনশীলতাকে বিকশিত করার বদলে প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় তা দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, চাকরি–সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু করার সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমেই বিকশিত হওয়া জরুরি। শিক্ষা যদি কেবল চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখা হয়, তবে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়।

দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চল সম্ভাবনাময় হলেও রাজনৈতিক অস্থিরতা ও ভুল নীতির কারণে সম্ভাবনার পূর্ণ ব্যবহার হচ্ছে না। শিক্ষা হতে পারে সেই শক্তি, যা তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করবে।

তিনি আরও বলেন, তরুণরা রাজনীতিতে সক্রিয় হচ্ছে—এটি ইতিবাচক। আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই চার্টারের মাধ্যমে ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারিত হবে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উচ্চশিক্ষার সুশাসন, গুণগত মান, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধি এবং জেন্ডার ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটবে।