মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৩ জানুয়ারি ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এক বছরের জন্য চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে ৯ জন গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধাকে’ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে জানানো হয়, বন্দরের কাজের স্বার্থে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন।

চুক্তির শর্ত অনুযায়ী প্রশিক্ষণ সেবা সহযোগীরা মাসিক ২৬ হাজার ৬৩৬ টাকা এবং সহকারীরা প্রায় ২১ হাজার টাকা সেবামূল্য পাবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. মোহাম্মদ ইব্রাহীম। তারা সবাই গেজেটভুক্ত জুলাই যোদ্ধা।

দপ্তরাদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো মাসিক ভিত্তিতে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। হাজিরার ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে। পরে সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবে মাসিক সেবামূল্য পরিশোধ করা হবে। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, “জুলাই যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা নির্ধারিত থোক টাকা পাবেন।”

তিনি আরও জানান, “তাদের চাকরি স্থায়ী করতে হলে ভবিষ্যতে বন্দরের কোনো স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে আবেদন করতে হবে।”