বুধবার
১৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। দেশের ব্যবসায়িক পরিবেশ সহজ করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে না।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ হ্রাস পাবে।
তিনি আরও বলেন, ব্যবসা সংক্রান্ত সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে, যাতে সময় ও ব্যয় উভয়ই কমে আসে। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার ওপর জোর দেন। আমীর খসরু বলেন, অর্থনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।