রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৭ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অর্থনৈতিক অপরাধ দমনে স্বচ্ছতা ও নৈতিকতার ওপর জোর পররাষ্ট্র উপদেষ্টার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার হয়েছে। এর বড় একটি অংশ প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতির মতো ঘটেছে, পাশাপাশি উল্লেখযোগ্য অংশ এসেছে অ্যাকাউন্টিংয়ের ম্যানিপুলেশন থেকে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত পদক্ষেপের পক্ষে। আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের সহযোগিতামূলক সমাধানে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে চায়।

তিনি আরও বলেন, এই সম্মেলনে দক্ষিণ এশিয়া ও এর বাইরের বিশেষজ্ঞ, অনুশীলনকারী ও চিন্তাবিদদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। তাদের আলোচনা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের জন্য সততা, জবাবদিহি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপে দিকনির্দেশনা দেবে।

মো. তৌহিদ হোসেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবনের যুগে বিশ্বজুড়ে বিভিন্ন পেশা দ্রুত রূপান্তরিত হচ্ছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে স্বচ্ছতা, টেকসই উন্নয়ন ও নৈতিক অনুশীলনের গুরুত্বও বাড়ছে।

বাংলাদেশের জন্য প্রযুক্তি ও টেকসই সক্ষমতার সমন্বয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক সংহতির জন্য পেশাজীবীদের শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, নৈতিক ও সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে।

এ ধরনের সম্মেলন জ্ঞানের আদান-প্রদান, সেরা চর্চা ভাগাভাগি এবং অর্থবহ সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।