শনিবার
১৭ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানোর ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়। তবে বিষয়টি অনিচ্ছাকৃত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অসুস্থ বোধ করায় ভারতের বিপক্ষে টস করতে নামেননি বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার পরিবর্তে টসে অংশ নেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে জাওয়াদের হাত না মেলানো মুহূর্তেই সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক উপস্থিত না থাকায় সহ-অধিনায়ক দলকে প্রতিনিধিত্ব করেন। প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক অসাবধানতার ফল। এতে কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মৌলিক শর্ত। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের সব ধরনের যোগাযোগে ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়েছে বলে আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে হাত না মেলানোর ঘটনাকে কেউ কেউ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে বিসিবির ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, যুব বিশ্বকাপের ঘটনাটি ছিল পুরোপুরি অনিচ্ছাকৃত।