সোমবার
১৯ জানুয়ারি ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ মামলার অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ২৩ জন আসামি, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীও রয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু করেছেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। পলাতক ১৬ আসামির পক্ষেও আইনজীবী নিয়োজিত ছিলেন। কারাগারে থাকা ২২ আসামির জন্য আগামী ধার্য তারিখে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে কারাগারে থাকা আসামিদের চট্টগ্রাম আদালতে হাজির করে।
মামলার চার্জশিট অনুযায়ী এখনো ১৬ জন আসামি পলাতক রয়েছেন। অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন— চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাশ, সকু দাশ, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।