বুধবার
২১ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।
ইসি আরও জানায়, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট হলুদ খামে ভরে আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে খাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসির অপর এক বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।