রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২১ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভারতে খেলবে না বাংলাদেশ?—বিকল্প দল নিতে প্রস্তুত আইসিসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারত সফরে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে বিষয়টি আজ আইসিসির বোর্ডসভায় আলোচনায় ওঠে। সভায় এ ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।

তবে বোর্ডসভায় এই সিদ্ধান্ত হলেও তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়নি। আইসিসি বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলেছে। এ জন্য এক দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের অবস্থানের পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে একটি চিঠি দিয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির জরুরি বৈঠকে বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট না করলে আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে। এখন ক্রিকেট বিশ্বের দৃষ্টি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই।