বৃহস্পতিবার
২২ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই জনসভা।
তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠে জনসমাগম আরও ঘন হয়ে ওঠে। মাঠজুড়ে দেখা গেছে দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশব্যাপী বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলো দলীয় স্লোগান ও ফেস্টুনে মুখর হয়ে উঠেছে।
এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান—এমনটাই প্রত্যাশা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
জনসভাকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান।
উল্লেখ্য, ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ২০১৩ সালে বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন।