রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৩ জানুয়ারি ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সরওয়ার আলমগীরের প্রার্থিতায় বাধা কাটল — স্থগিতাদেশ প্রত্যাহার চেম্বার জজ আদালতে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত পূর্বে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করেছেন চেম্বার জজ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন। একই দিনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা আরও দুটি সিভিল পিটিশনে ‘নো অর্ডার’ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সরওয়ার আলমগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে প্রিমিয়ার লিজিংয়ের করা সিভিল পিটিশন (৩৫/২০২৬) শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করেন। ফলে এ সংক্রান্ত সব স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যায়।

এর আগে গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং লিমিটেডের আপিলের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সরওয়ার আলমগীরের নেওয়া পূর্বের স্থিতি আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন।

ওই আদেশের ভিত্তিতে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। তবে একই দিন জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে নির্বাচন কমিশন ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছিল।

আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের পক্ষে আইনজীবী মলয় কুমার রায় জানান, সরওয়ার আলমগীর ও তার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তিনি ঋণ পুনঃতফসিলের জন্য ২০ লাখ টাকা জমা দিয়েছিলেন। তবে উচ্চ আদালত থেকে স্থিতি আদেশ নেওয়ায় পুনঃতফসিল প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।

তিনি আরও জানান, বর্তমানে প্রিমিয়ার লিজিংয়ের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়েছে। ফলে বোর্ড সভার অনুমোদনক্রমে পূর্বে দায়ের করা পিটিশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের ঋণ এখন নিয়মিত এবং সিআইবি স্ট্যাটাসও হালনাগাদ রয়েছে।

অন্যদিকে, জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের বৃহস্পতিবার দায়ের করা আরও দুটি সিভিল পিটিশনে চেম্বার জজ ‘নো অর্ডার’ দিয়ে রিলিজ আদেশ দেন।

এদিকে ফটিকছড়ি আসনে নিজের মনোনয়নের বৈধতা চেয়ে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। মঙ্গলবার এক দফা শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার পুনরায় শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।