রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৩ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভারতে বিশ্বকাপ নয়—বিসিবির অবস্থান অপরিবর্তিত

ক্রীড়া প্রতিবেদক:: টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রাখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় থাকল বাংলাদেশ।

তবে বিকল্প ভেন্যুতে খেলার সুযোগ আদায়ের আশায় আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল জানান, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ আমলে না নিয়ে সুবিচার করেনি। নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আশা করছে, আইসিসি শ্রীলঙ্কায় খেলার আবেদন বিবেচনা করবে। এ বিষয়ে তারা অপেক্ষায় থাকবে।

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। যে নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও বিদ্যমান।

তিনি বলেন, বিশ্বকাপ খেলতে চাওয়ার আগ্রহ সবারই ছিল। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, তা কোনো অনুমাননির্ভর বিষয় নয়; বাস্তব ঘটনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানান, বাংলাদেশ এখনও শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে আগ্রহী এবং সে লক্ষ্যে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

বুলবুল বলেন, এর আগেও ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তাজনিত কারণে দল বা খেলোয়াড়দের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই নজির তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিকল্প ভেন্যুতে খেলার আশা ছাড়ছে না।

তিনি আরও বলেন, আইসিসি ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে, যা একটি আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে প্রত্যাশিত নয়। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে প্রায় ২০০ মিলিয়ন মানুষ এই আসর থেকে বঞ্চিত হবে, যা আইসিসির জন্যও বড় ক্ষতি।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসির পক্ষ থেকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা হলেও সেটির সমালোচনা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, মুস্তাফিজ নিজে সরে যাননি, ইনজুরিও ছিল না এবং বিসিবিও তার এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপরই বাংলাদেশ আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিকল্প ভেন্যুর দাবি তোলে।

এর আগে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির সঙ্গে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

তবে বৈঠকে ক্রিকেটাররা কী মতামত দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।