শুক্রবার
২৩ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে দেশের মানুষের জানমাল রক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। হামলায় আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশকে অস্থিতিশীল করতে অরাজকতা শুরু করেছে। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনাও সেই পরিকল্পিত অরাজকতার অংশ।
তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব আহত হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।